পিরোজপুরে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর ইউনিয়নে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার ভোররাতে ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল ডাকাত দুলালের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের দুল, শাঁখা ও অন্যান্য স্বর্ণালঙ্কার লুট করে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় দুজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়।

খবর পেয়ে রাত আড়াইটার পর পিরোজপুর সদর থানার এসআই রাধা রমনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। আহত দুজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আটক হওয়া ব্যক্তি সবুজ হাওলাদার (৫৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা প্রথম আলোকে বলেন, স্থানীয়দের ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডাকাতির ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।