ধুনটে ঐতিহ্যবাহী বকচর মাছ মেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে ঐতিহ্যবাহী বকচর মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কোদলাপাড়া এলাকায় মেলা বসেছে। দুর-দুরান্ত থেকে হাজার হাজার মানুষ মেলায় এসে ভিড় জমিয়েছে। প্রায় আড়াইশ বছর ধরে বসা একদিন ব্যাপী এই মেলা উপলক্ষে আশেপাশের ২৫ থেকে ৩০ গ্রামে রীতিমতো বয়ে যায় উৎসবের আমেজ। কারো বাড়িতে এসেছে নববধু আবার কারো বাড়িতে জামাইয়ের আনন্দ ভ্রমন। এই মেলায় মাছ কিনতে এসে ভীড় করে এলাকার হাজারও মানুষ। বকচর মেলা প্রতি বছর মাঘ মাসের শেষ দিকে বসে। ঐতিহ্যবাহী এই মাছের মেলা এলাকায় জামাই মেলা নামেও বিখ্যাত। এলাকার কোন জামাই কত বড় মাছ কিনলেন সেটি নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে এখানে।

মেলায় বিক্রি হয় ছোট বড় দেশি বিদেশি নানা প্রজাতির মাছ। মেলা উপলক্ষে সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসে অনেকে। মেলায় বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে আসে ব্যবসায়ীরা। সামুদ্রিক চিতল, বাঘআইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গলদা চিংড়ি, বাইম মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছ। বড় আকারের মাছের প্রতি আগ্রহ অনেকটাই বেশি। জামাই-শ্বশুরদের মধ্যে হয় সে মাছ কেনার নীরব প্রতিযোগিতা। মেলায় ঘুরতে আসা আসাব আলী বলেন, শুধু মাছ কেনাটাই বড় কথা নয় বাপ-দাদার মুখে বড় বড় মাছের গল্প শুনলেও দেখিনি। তাই এখানে এসে বড় বড় মাছ দেখে চোখ জুড়াই। মাছের পাশাপাশি মেলায় বসে আসবাবপত্র, খেলনা, মিষ্টি, বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের পসরাও। 

মাছ বিক্রেতারা বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে তারা মেলায় মাছ বিক্রি করতে এসেছেন। এখানে উৎসবের আমেজে প্রতিযোগিতার মাধ্যমে মাছ কেনে ক্রেতারা। বাজারের তুলনায় মেলায় মাছের দাম বেশি পাওয়া যায়। এজন্যই প্রতিবছরই মাছ নিয়ে মেলায় আসেন। তবে মেলায় এবার খুব একটা লোক সমাগম নেই। বেচা বিক্রিও তুলনামূলক কম। তার মধ্যে মেলার আয়োজক কমিটি প্রতিবারের চেয়ে দিগুণ খাজনা আদায়ের করেছেন। সব মিলিয়ে সমান সমান ব্যবসা হয়েছে বলে জানান তারা।