জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “সৌদি আরবসহ বিভিন্ন দেশে মানুষ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নামে সুনাম করে থাকেন। তাঁরা শেখ হাসিনাকে ‘কাজ্জাব’, অর্থাৎ মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করেন।” 

তিনি আরও বলেন, “খালেদা জিয়াকে সেখানে একজন ভালো মানুষ হিসেবে মনে করা হয় এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জিয়াউর রহমানকে মুসলিম উম্মাহর নেতা হিসেবে সম্মান করা হয়।”

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যানি। 

এই বৈঠকে তিনি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে জিয়াউর রহমানের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ্যানি বলেন, “পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল আমাদের দামাল ছেলেদের। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন এবং সারা বাংলাকে একত্রিত করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানান।” 

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা এবং মুক্তিযোদ্ধাদের নেতা ছিলেন, যিনি রণাঙ্গনে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের।”

এ্যানি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, “ছাত্র রাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছি, গুলিবিদ্ধ হয়েছি, আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করা হয়েছে, পুলিশ হামলা করেছে, কিন্তু আমি কখনো মাথা নত করিনি। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক নই।”

এই উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।