এবার মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব: বদি 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

যে কোন কিছুর বিনিময়ে উখিয়া-টেকনাফকে মাদকের কলংক মুক্ত করা হবে। যারা মাদক কারবারীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজিতে জড়িত তাদের নাম প্রকাশ করে দেয়া হবে। পাশাপাশি এবার যেকোন বিনিময়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব। 

আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শপথ নিয়ে এসে শাহীন আক্তার দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকায় মতবিনিময় ও শুকরিয়া সভায় তার স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি এসব মন্তব্য করেন। 

বক্তব্যে বদি আরো বলেন- উখিয়া টেকনাফে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। ইয়াবা কারবারীরা যতোই শক্তিশালী হোক, তারা সরকারের চেয়ে শক্তিশালী নয়। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন- এক প্রশাসন মামলার আসামী করে আরেক প্রশাসন কোটি কোটি টাকার বিনিময়ে মামলা থেকে বাদ দেয়। তাহলে কি আপনারা (প্রশাসন) মাদক বন্ধ করার জন্য সীমান্তে এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন প্রশাসনের প্রতি এমন প্রশ্ন রাখেন।

এসময় শাহীন আক্তার (এমপি) তার বক্তব্যে বলেন- যারা মাদকের তালিকা থেকে বাদ যাচ্ছে তারা যেনো বাদ না পড়ে, সে বিষয়টি সংসদে উত্তাপন করা হবে। বক্তব্য শেষে তিনি তাকে দ্বিতীয় বারের মতো ভোট দিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ বাঙ্গালী, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ মনির, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর প্রমুখ।

এসময় নব নির্বাচিত এমপি শাহীন আক্তার ও আব্দুর রহমান বদিকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।