
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ডেগিরচরের একটি বনে মরদেহটি আটকা পড়ে। পরে খবর পেয়ে দুপুরের দিকে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে। রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির পরনে একটি আন্ডারওয়্যার ও গায়ে হাফ টি-শার্ট ছিল। দীর্ঘ সময় পানিতে ভেসে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদী থেকে জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে ওই বনে আটকে যায়।
এর আগে গত ১৬ জুলাই হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেটসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগান থেকেও অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
