সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি গাইবান্ধায়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গাইবান্ধায় সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ জন এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জন মারা গেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি এবং সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। এছাড়া ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, ধোপাডাংগা এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দুপুরে বৃষ্টির সময় বাড়ির বারান্দায় খেলার সময় বজ্রপাত হলে শিশুরা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কামারপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত মিজানুর রহমান নামের এক যুবকও মারা যান বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, নাটোরের সিংড়ায় একজন, বগুড়ার গাবতলীতে একজন এবং পঞ্চগড়ের আটোয়ারীতে একজন বজ্রপাতে মারা গেছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকজন বজ্রপাতে আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতজনিত মৃত্যু বাড়লেও সচেতনতা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত না হওয়ায় ঝুঁকি কমছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।