
সিরাজুল ইসলাম : সাতক্ষীরা জেলায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। ১০ মে পর্যন্ত চলা এ কার্যক্রমে জেলার ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। মোট ১১ কর্মদিবসের মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৭৭টি ইউনিয়ন ও দুই পৌরসভায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন মৃধা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার ও ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব শিশু আগে হামের টিকা পেয়েছে বা সম্প্রতি হাম-রুবেলায় আক্রান্ত হয়েছে, নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকলে তাদেরও এই টিকা গ্রহণ করতে হবে। তবে পূর্ববর্তী টিকা নেওয়ার পর অন্তত ২৮ দিন পার হলে তবেই পুনরায় টিকা দেওয়া যাবে বলে জানান চিকিৎসকেরা।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে জেলায় হামের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
