সাতক্ষীরায় দুই দিনে র‍্যাবের অভিযানে ১,০৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

সিরাজুল ইসলাম ; সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় টানা দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব-৬। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোট ১ হাজার ৩৯ বোতল ফেন্সিডিল।

র‍্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা-এর হাড়দ্দাহ গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় শনিবার (১৮ এপ্রিল) বিকেলে। এ সময় হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ আ. সামাদ (৪১) ও মো. আনিসুর রহমান (৪০) নামে দুজনকে আটক করা হয়।

পরদিন রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় একই এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপাল চন্দ্র বিশ্বাস (২৮) নামে আরও একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৬৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাড়দ্দাহসহ আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বড় পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা ফেন্সিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।