
প্রতিনিধি | সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন ভোমরা, বৈকারী, কুশখালি ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি টহল দল মেইন পিলার ৪/৪ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।
অন্যদিকে বৈকারী বিওপির সদস্যরা মেইন পিলার ৭/৪১ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার বৈকারী কাপালিপাড়া এলাকা থেকে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করেন। একই দিনে কুশখালি বিওপির একটি দল মেইন পিলার ১২/২ এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে শ্মশানঘাট এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।
এ ছাড়া মাদরা বিওপির আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ৯ আরবি এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার তেতুলতলা এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। উদ্ধার করা সব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তা আরও জোরদার করা হবে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে সীমান্ত এলাকায় এমন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
