
গাবুরা ইউনিয়নের বাঁধ পুনর্বাসন প্রকল্পে শত কোটি টাকা আত্মসাৎ ও নিম্নমানের কাজের অভিযোগ।
সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নে ১ হাজার ২০ কোটি টাকার ‘পোল্ডার নং-১৫ পুনর্বাসন মেগা প্রকল্প’-এ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পের বেশিরভাগ কাজ সম্পন্ন হওয়ার পরও বাঁধ নির্মাণে ব্যবহৃত বস্তা, বালি ও পাথরের মান অত্যন্ত নিম্নমানের ছিল এবং প্রকৃত কাজের তুলনায় অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে।
প্রকল্পের তদারকিতে নিয়োজিত শ্যামনগর পাউবো’র কর্মকর্তাদের উপর অভিযোগ, তারা কাজের গতি বৃদ্ধি না করে ও অফিসে বসে কাগজপত্রের মাধ্যমে অনিয়ম চালিয়েছেন। এতে স্থানীয় মানুষদের বেড়ীবাঁধ ভাঙনের আতঙ্কে জীবনযাপন করতে হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা অভিযোগ করেন, ২৭ প্যাকেজে বস্তা ড্যাম্পিং ও খাল খননের কাজ সঠিকভাবে হয়নি, ঠিকাদারের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তথ্য সংগ্রহ করে প্রকল্পের ৩ জন নির্বাহী প্রকৌশলী, ৪ জন উপবিভাগীয় প্রকৌশলী, ১১ জন উপসহকারী প্রকৌশলী, ৪ জন পানি ভবনের কর্মকর্তা, ১৪ জন ঠিকাদার ও ১২ জন ট্র্যাক ফোর্স কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
