
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের ভালো কাজগুলো স্বীকৃতি দেওয়া এবং ভুলত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। অযথা সমালোচনা না করে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে গুম, খুন ও জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা নির্বাচনের মাধ্যমে এমপি হিসেবে শপথ নিয়েছি। ‘জুলাই সনদ’ পাঠ করে শপথ নেওয়ার কোনো আলোচনা কখনো ছিল না, এখনও নেই।”
এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা বড় কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সংসদের প্রথম দিন বিষয়টি উত্থাপন করা হয় এবং পরদিন এ নিয়ে আলোচনা হয়েছে। “আলোচনার মধ্য দিয়েই বিষয়টি অনেকটাই শেষ হয়েছে। সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই এটি কার্যকর হবে এবং সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে,” বলেন তিনি।
উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, বর্তমানে ১৮০ দিনের খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, “সরকারি দল যেমন ধৈর্য ধরে কাজ করছে, তেমনি বিরোধী দলকেও ধৈর্য ধরতে হবে। আমরা মাত্র এক মাস পার করেছি—সবাইকে সময় দিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া এবং সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
