সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে ঝুলানো হয়েছে একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপন। সরকারি একটি সেবামূলক প্রতিষ্ঠানে এভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দেওয়ালে একটি বেসরকারি হাসপাতালের প্রচারণামূলক পোস্টার/ব্যানার ঝুলছে। গ্রামীণ জনপদের অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেখানে এই কেন্দ্রটি তৈরি করা হয়েছে, সেখানে বেসরকারি হাসপাতালের এমন প্রকাশ্য প্রচারণা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সেবা নিতে আসা সাধারণ মানুষ বলছেন, সরকারি হাসপাতালে এসে বেসরকারি ক্লিনিকের বিজ্ঞাপন দেখলে বিভ্রান্তি তৈরি হয়।

 অনেকের অভিযোগ, সরকারি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সাথে ওই বেসরকারি হাসপাতালের কোনো গোপন সমঝোতা বা কমিশন বাণিজ্য থাকতে পারে। যার কারণেই এই বিজ্ঞাপনের সুযোগ দেওয়া হয়েছে।

 স্থানীয় বাসিন্দা হালিমা বলেন, “আমরা এখানে আসি সরকারি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেতে। কিন্তু এখানে এসে যদি প্রাইভেট হাসপাতালের দালালি বা বিজ্ঞাপন দেখতে হয়, তবে সরকারি হাসপাতালের ওপর মানুষের ভরসা কমাই যায়।”

সরকারি নিয়ম অনুযায়ী, কোনো সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক বা বেসরকারি প্রতিষ্ঠানের প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে চর রমনী মোহন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতারা অবিলম্বে এই বিজ্ঞাপনটি অপসারণ এবং এর পেছনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।