
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : শ্যামনগর উপজেলা-এ নদীর চরের গাছ নির্বিচারে কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পূর্ব দুর্গাবাটির হুলা এলাকায় নদীর চরের হাজার হাজার গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ নদীভাঙন রোধ, ঝড়-জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা এবং বন্যপ্রাণীর আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও অভিযোগ করেন, গাছ কেটে ফেলার পর সেই চর থেকে মাটি কেটে বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এভাবে নির্বিচারে গাছ নিধন চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, নদীভাঙন ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা রয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে গাছ কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান। আরও বক্তব্য দেন বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের সদস্য আবিয়ার রহমান, সিডিও’র ভলান্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবনের মুনতাকিমুল ইসলাম রুহানি ও রাজিয়া সুলতানা প্রমুখ।
