
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্যীপুর-৩ আসনের নির্বাচনে বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকাল সাড়ে ৭টা থেকে ৪৯৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং এটি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রথম ভোটার হিসেবে লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, “ভোটের পরিবেশ খুবই ভালো। মানুষের দীর্ঘদিনের আশা আজ পূরণ হতে চলেছে। যদি ভোটের পরিবেশ এমন থাকে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তবে শতভাগ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
একই সময় জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম চৌপল্লী কালীদাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।
তিনি বলেন, “ভোটের পরিবেশ ভালো। আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রে রয়েছে প্রায় ১০,০০০ আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সংযুক্ত। এছাড়া ভোট তদারকিতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নিয়োজিত।
জেলায় চারটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থীরা। মোট ভোটার সংখ্যা ১৬,৩৭,৯৫৬ জন। চোখে পড়ার মতো ঘটনা হল নারী ভোটারের উপস্থিতি পুরুষ ভোটারের তুলনায় বেশি।
ভোটাররা জানান, ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ভাল হওয়ায় তারা নিশ্চিন্তে ভোট দিতে পারছেন। জেলা নির্বাচন অফিসারের বক্তব্য অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সবরকম প্রস্তুতি নিয়েছে।
