
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ভবিষ্যতে তারা দলীয় কোনো পদের জন্য প্রার্থী হতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাটওয়ারী, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ পাটওয়ারী, শ্রম সম্পাদক নাছির পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীর, সদস্য সামছুল আলম বাবুল পাটওয়ারী, নুরুল আমিন, সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, লোকমান মাস্টার ও মো. খালেদ। একই অভিযোগে এর আগে ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদকে দলীয় পদ থেকে অব্যাহতি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা দলীয় কার্যক্রমে অনুপস্থিত, দলীয় গঠনতন্ত্র পরিপন্থি ও অনৈতিক কার্যকলাপে জড়িত। এছাড়া তারা নৌকার বিপক্ষে ভোটের মাঠে কাজ করে।
অব্যাহতিপ্রাপ্ত নেতা ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান। এতে থানা কমিটির নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বলেন, অব্যাহতিপ্রাপ্ত নেতারা কোন প্রার্থীর ভোট করে তা আমাদের বিবেচ্য বিষয় নয়।
লক্ষ্মীপুর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু নৌকার প্রার্থী। তাঁর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার (ট্রাক প্রতীক)।
