লক্ষ্মীপুরের রায়পুরে আবুল খায়ের ভূঁইয়াকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল খায়ের ভূঁইয়াকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে বামনী ইউনিয়ন পরিষদের সামনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমীর হোসেন সুপার। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল খায়ের ভূঁইয়ার প্রতি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসারই প্রতিফলন ঘটেছে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

সংবর্ধিত অতিথি আবুল খায়ের ভূঁইয়া তাঁর বক্তব্যে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি কাজ করে যাবেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল শেষ হয়। অনুষ্ঠানে কয়েক শ নেতা–কর্মী ও স্থানীয় মানুষ অংশ নেন।