
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুরের চারটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং দুজনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ): গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া
লক্ষ্মীপুর-৩: জেএসডির হারুন অর রশিদ
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর): স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দীন আজাদ সোহেল, নুরুল হুদা চৌধুরী।
এদিকে লক্ষ্মীপুর-৩ আসনের এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির সামছুদ্দিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, মনোনয়নপত্র বাতিল ও স্থগিত প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাগজপত্রের ত্রুটি ও যোগ্যতার শর্ত পূরণে অসঙ্গতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
