লক্ষ্মীপুরে ৯ মাসে গ্রাম আদালতে ১,৯৫৮ মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর—এই ৯ মাসে গ্রাম আদালতে মোট ১,৯১৭টি মামলা দায়ের হয়। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ১,৯৫৮টি মামলা। মামলা দায়েরকারীদের মধ্যে পুরুষ ছিলেন ১,১৬০ জন এবং নারী ৭৯৮ জন।

গ্রাম আদালতের মাধ্যমে ১,২৪০টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে আদায় করে দেওয়া হয়েছে ৫৬ লাখ ৭ হাজার টাকা। জেলা জজ আদালত থেকেও ২৬টি মামলা গ্রাম আদালতে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। 

সভার আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামজেদ আলম রানা, প্রকল্পের জেলা ব্যবস্থাপক খ.ম. আবেদ উল্লা, উপজেলা সমন্বয়কারী মো. ইমরান সিকদার ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।

সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও দক্ষ করে তোলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, গত এক বছরে জেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা মূল্যায়নে দেখা গেছে—৩০টি ইউপির অবস্থা ভালো, ১৭টি মধ্যম এবং ১১টি দুর্বল অবস্থানে রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।