লক্ষ্মীপুরে ৫ কিলোমিটার সড়ক এখন ‘মরণ ফাঁদ’: ২৫ বছর ধরে সংস্কার নেই

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চর কাদিরা ইউনিয়নের সীমান্তবর্তী প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ইটের সড়কটি এখন স্থানীয়দের জন্য ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে বড় বড় খানাখন্দ আর ভাঙা সলিংয়ের কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘হোন্নার বাপের সমাজ’ থেকে শুরু করে ‘জমাদার সমাজ’ হয়ে ‘সদাগর রাস্তার মাথা’ পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ আড়াই দশক ধরে অবহেলিত। দীর্ঘ সময়েও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে বর্তমানে এটি দিয়ে নিয়মিত যাতায়াত করা দায় হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, পুরো সড়কটির ইটের সলিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদা ও জলমগ্ন হয়ে পড়ে, যা চলাচলের অনুপযোগী হয়ে যায়। এই সড়ক দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের কষ্টের কোনো শেষ নেই। রাস্তাটির যে বেহাল দশা, তাতে এখন হাটে-বাজারে যাতায়াত করাও অসম্ভব হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থাও নেই। মুমূর্ষু রোগী নিয়ে যাওয়ার সময় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।’

স্থানীয়রা জানান, যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ায় এই সড়কটি তাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় সড়কটি দিয়ে ভ্যান, রিকশা বা মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কটি দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।