
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে এক মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা পরিবেশ বিপর্যয় রোধ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী ও স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
কর্মসূচিতে সনাক লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন— সংগঠনের সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সহসভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সদস্য সুধির চন্দ্র ঘোষ, হাবিবুর রহমান সবুজ এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের চরম নেতিবাচক প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ বর্তমান নির্গমন হারের অর্ধেকে নামিয়ে আনতে হবে। একই সাথে ২০৫০ সালের মধ্যে তা শূন্যের কোঠায় (নেট জিরো) নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।
এই লক্ষ্য অর্জন প্রসঙ্গে বক্তারা আরও বলেন, “আমাদের দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে। এর বিপরীতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস হিসেবে সৌরশক্তি, বায়ু ও পানি থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ ও শক্তি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করা এখন সময়ের দাবি।”
উক্ত মানববন্ধনে সনাক, ইয়েস ও টিআইবি’র কর্মীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকেরা অংশ নেন।
