লক্ষ্মীপুরে মারধরে যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

মো. ওমর ফারুক, প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোরিকশাচালক আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেলাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই হেলাল।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে রায়পুর শহীদ ওসমান চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযুক্ত অটোরিকশাচালক আরমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমানকে আটকের চেষ্টা চলছে।”