
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহরের উপকণ্ঠের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ, নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনো সদস্যদের নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজুস রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুমন কুরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের জেলা সভাপতি সমীর কর্মকার ও সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
এ ছাড়া বক্তব্য দেন জেলা মহাজনি কমিটির সভাপতি অপূর্ব লাল রায়, বাজুস নেতা জুলহাস কুরি, সহদেব কুরি, ভাষান কর্মকার, পলাশ কুরি, লিটন কর্মকার ও অজয় রায়সহ অন্যরা।
বক্তারা বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে ব্যবসায় স্বচ্ছতা নিশ্চিত ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
