
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ সুপার কাপ (অফিসার্স) ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দায়িত্বপূর্ণ পেশায় কর্মরত পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত চেতনা গড়ে তোলে। তিনি বলেন, জেলা পুলিশের উদ্যোগে ভবিষ্যতেও এমন ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে।
প্রধান অতিথি মোহাম্মদ শাহীন উদ্দিন বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে। এতে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং সহকর্মীদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক এবং সিআইডি, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তাঁরা শক্ত প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি তাঁদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রুপক চন্দ্র পাল। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এই আয়োজন কর্মকর্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আন্তঃজেলা বা আন্তঃইউনিট পর্যায়েও এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।
