লক্ষ্মীপুরে নদী ভাঙছে সড়ক, চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে পশ্চিমে ক্যাম্পের খাল পর্যন্ত সড়কটির রহমতখালীর অংশে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, নদী ভাঙনের কারণে সড়ক দিয়ে জনসাধারণের চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। রোগী হাসপাতাল বা চিকিৎসকের কাছে নেওয়া যাচ্ছে না, শিক্ষার্থীরা স্কুলে যেতে দিশেহারা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নদী খননের কাজে ব্যবহৃত ড্রেজারের কারণে ভাঙন ঘটছে। 

তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভাঙা সড়কের পাশের বসতবাড়ি ও ফসলি জমি যে কোনো সময় নদীতে হারিয়ে যেতে পারে। সড়ক ও চর এলাকায় অন্তত এক হাজার থেকে ১২০০ পরিবারের বসবাস। প্রতিদিন ৫০০-এর বেশি মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজিং কাজের কারণে নদীর উত্তর অংশ গভীর হয়ে যাওয়ায় দক্ষিণে চর পড়ছে, ফলে ভাঙন আরও তীব্র হয়েছে। তারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন ও মানববন্ধন করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, বিষয়টি আমাদের জানা আছে এবং পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, যদি ভাঙনের কারণে সমস্যা হয়, তা তাদের দায়িত্ব নয়। বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম ভাঙনের কারণ নয় বলে তারা জানাচ্ছেন।

বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী রেজাউর রশিদ জানান, ফেরিঘাটটি নদীর মুখে স্থাপন করা হলে সড়ক পুনরায় ব্যবহারযোগ্য হবে।