লক্ষ্মীপুরে নকল বাসমতী চাল বিক্রির দায়ে জরিমানা, পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

মেহেদী হাসান রাসেল : লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় নকল ভারতীয় বাসমতী চাল বিক্রির দায়ে গৌরাঙ্গ এন্টারপ্রাইজের এক বিক্রয় কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং নকল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার জেলা নিরাপদ খাদ্য অফিসারের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA)-এর একটি মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন অভিযুক্তকে আদালতে হাজির করা হয় এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করেন।

অভিযানকালে সংশ্লিষ্টরা জানায়, অনুমোদিত ডিলার বা আমদানিকারক ছাড়া নকল ও ভেজাল খাদ্যপণ্য ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়। অভিযুক্ত প্রতিষ্ঠানকে বাজার থেকে পণ্য সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে সতর্ক থাকার জন্য সতর্ক করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সুমধু চক্রবর্তী, প্রসিকিউটর মুহাম্মদ আবদুল্লাহ হিল হাকিম, লক্ষ্মীপুর পৌরসভা ও সদর থানা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।