
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে পরাজিত প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেছেন, নির্বাচনে বিজয়ী প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-কে তিনি ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করবেন। আমরা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন নিয়ে বিরোধী দলে থাকব আমরা।’
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, গণতন্ত্রে বিরোধী দল সরকারের গুরুত্বপূর্ণ অংশ। ‘সে অংশকে যদি অবরুদ্ধ করা হয়, আবার দমন-পীড়ন চালানো হয়, তাহলে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে,’—বলেন তিনি। তাঁর দাবি, নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা হয়রানি ও চাপের মুখে রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ভোট গ্রহণের দিন কিছু কেন্দ্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে। তবে তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সকল পক্ষের প্রতি দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের পরাজিত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্য নেতারা।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতারা। তারা বলেন, গণতন্ত্র রক্ষায় গঠনমূলক বিরোধী দলের ভূমিকা রাখতে চান এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদের ভেতরে-বাইরে সোচ্চার থাকবেন।
