
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকায় স্বপ্না আক্তার (৩১) নামে এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তিনজনকে আসামি করে আদালতে মামলা করেছেন ওই গৃহবধূ।
মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ৯ নভেম্বর সকাল আটটার দিকে স্বপ্না আক্তারের বসতবাড়িতে হামলা চালায় একই এলাকার জামাল হোসেনের তিন ছেলে—রুবেল (৩৫), রাসেল (৩২) ও রিজু হোসেন (২৩)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা ঘরে ঢুকে স্বপ্না আক্তারের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় তাঁর নাক–মুখ দিয়ে ফেনা বের হয়। রিজু হোসেন তাঁর পরনের কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করেন। অপর আসামি রাসেল হোসেন তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন, যার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
স্বপ্না আক্তারের পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে আসলে আসামিরা ঘরের ভেতরে প্রবেশ করে সোকেস, টেলিভিশন, ফ্রিজ, আলমারি, দরজা ও জানালা ভাঙচুর করে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
চলে যাওয়ার সময় তারা হুমকি দেয়, মামলার বিষয়ে বারাবারি করলে বা আগের মামলা তুলে না নিলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে এবং বাড়িতে আগুন দেবে।
পরে স্থানীয় লোকজন আহত স্বপ্না আক্তার ও পরিবারের সদস্যদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার বিষয়ে আদালত সূত্রে জানা গেছে, মামলাটি দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩২৫/৩৭৯/৪২৭/৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের তদন্তের নির্দেশ দিয়েছেন।
