
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় দুইটি ইকোনো বাসের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন দীর্ঘ সময় ধরে আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে এ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি ইকোনো বাস সড়কের গুরুত্বপূর্ণ অংশে থেমে যাওয়ায় ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে পুরো এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে বাসটি রং সাইডে চলে যাওয়ার কারণে এমন যানজট সৃষ্টি হয়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ লাইনে আটকে পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। বিশেষ করে জরুরি সেবার অ্যাম্বুলেন্স আটকে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
একাধিক যাত্রী জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হয়েছেন তারা। অনেকেই বিকল্প রাস্তা খুঁজে বের হওয়ার চেষ্টা করলেও তাতে তেমন সুফল মেলেনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিয়ে যানজট নিরসনের দাবি জানিয়েছেন।
