লক্ষ্মীপুরে আ. লীগের সাবেক নেতা এখন জামায়াতে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের এক সাবেক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আক্তার হোসেন মিলন নামের ওই নেতা বুধবার সন্ধ্যায় দলটিতে যোগদান করেন। তিনি হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন জামায়াতের সদস্যপদের ফরম পূরণ করেন। এরপর স্থানীয় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি বিশ্বাস থেকেই আমি সদস্যপদ গ্রহণ করেছি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং রাজনৈতিক আদর্শের জায়গা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, ‘আক্তার হোসেন মিলন স্বেচ্ছায় জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের প্রতি আগ্রহ থেকেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।’

আক্তার হোসেন মিলনের আওয়ামী লীগ ছেড়ে জামায়াতে যোগদানের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তিনি দীর্ঘদিন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।