লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: জাল ভোটের অভিযোগ তুলে জাতীয় পার্টি ও জাকের পার্টি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চার প্রার্থীদের মধ্য থেকে দুই প্রার্থী ভোট বর্জন করেছেন।

আজ রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও দুইটার দিকে জাকের পার্টির শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন অভিযোগ করে বলেন, নব্বই ভাগ কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। এ ছাড়া তারা জাল ভোট দিচ্ছে। সকাল থেকে কেন্দ্রগুলো ভোটার শূন্য, অথচ ভেতরে গিয়ে দেখা যায়, ভোট পড়েছে। তাহলে এসব ভোট কারা দিচ্ছে। নির্বাচনের নামে আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। তাই এ ভোট বর্জন করলাম। এমন অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব।

অন্য দিকে এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু। তিনি বলেন, কোনো ধরণের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সরকারের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট রয়েছে নৌকার সমর্থকরা।

জাল ভোট ও অনিয়মের বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের কে একজন প্রার্থী মৌখিক অভিযোগ করেছে। সে বিষয়টি আমরা দেখছি। আমরা অনেক কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।’

জানা গেছে, লক্ষ্মীপুর-৩ নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম)।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চার অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।