লক্ষ্মীপুর পৌরসভায় ১০ সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন। রোববার পৌরসভার নিজস্ব তহবিল (রাজস্ব) থেকে বাস্তবায়িত ১০টি সড়কের কাজ সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

পৌরসভা সূত্রে জানা গেছে, পরিদর্শন করা সড়কগুলোর মধ্যে রয়েছে—৯ নম্বর ওয়ার্ডের আকরাম আলী খলিফা বাড়ি রোড, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল বেপারি বাড়ি রোড ও নিরাপদ আবাসিক কলোনি রোড, ৩ নম্বর ওয়ার্ডের ফয়েজ বক্স পাটোয়ারী রোড ও আব্দুল আজিজ ভূঁইয়া বাড়ি রোড, ২ নম্বর ওয়ার্ডের ধনু মিয়া হাজী রোড ও শফিকুর রহমান পাটোয়ারী রোড এবং ১ নম্বর ওয়ার্ডের হীরা গাজী রোড ও মাওলানা কলোনি রোডসহ ৯ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়ি রোড।

এসব সড়কের মধ্যে কিছু সলিং এবং কিছু সিসি (কংক্রিট) ও আরসিসি নির্মাণকাজের আওতায় রয়েছে। প্রকল্পগুলোর জন্য মোট ৫১ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে কাজের গুণগত মান যাচাই করা হয় এবং কোথাও কোথাও প্রয়োজনীয় সংশোধন ও দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা সড়ক উন্নয়নকাজে সন্তোষ প্রকাশ করে বলেন, এসব সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। উন্নয়নকাজ শেষ হলে তাদের দৈনন্দিন যাতায়াত সহজ হবে।