
নাজমুল হোসেন: লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে বিশেষ জোর দিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সদস্যদের আরও পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের জন্য পুলিশ অফিসারদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিশেষ করে সফলভাবে ওয়ারেন্ট তামিল করায় বেশ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহা. আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল ও এহসানুল হক। এ ছাড়াও জেলার সব থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সভায় অংশ নেন।
