
অবৈধ দখলদারদের ছাড় নয়: প্রশাসক সাহাব উদ্দিন সাবু
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর জেলা পরিষদের বেহাত হওয়া সব সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে এবং অবৈধ দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বেদখল জমি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক রামগঞ্জের জিয়া শপিং কমপ্লেক্সে নকশাবহির্ভূতভাবে নির্মিত ১৩টি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন।
সাহাব উদ্দিন সাবু বলেন, “বিগত সময়ে অনিয়ম ও দখলদারিত্বের কারণে জেলা পরিষদের বহু জমি ও স্থাপনা ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে জেলা পরিষদ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। আমরা এসব বেদখল সম্পত্তি উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছি।”
তিনি আরও বলেন, জেলা পরিষদকে একটি “মডেল পরিষদ” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে। উদ্ধার হওয়া সম্পত্তি থেকে রাজস্ব আয় বাড়িয়ে ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটসহ স্থানীয় অবকাঠামো উন্নয়নে তা ব্যয় করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
