
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় রোপা আমন ধানের বীজ ও সার, গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড সবজির বীজ ও সার, হাইব্রিড মরিচের বীজ ও বালাইনাশক, ফলদ ও লেবুর চারা, জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ মোট ১০ হাজার ৪৫০টি চারা ও বীজ বিতরণ করা হয়েছে, যা প্রায় ৫৪২ হেক্টর জমিতে রোপণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি খাতের উন্নয়নে বর্তমান সরকার সব ধরনের সহায়তা প্রদান করে যাবে।’
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ হিসেবে গড়ে তুলতে এই খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বিএনপি সরকার অতীতে ক্ষমতায় থাকাকালীন কৃষকদের ঋণ মওকুফ করেছিল এবং কৃষিতে ভর্তুকি বাবদ ১২ হাজার কোটি টাকা ব্যয় করেছিল। আমরা সেই আদর্শ ধারণ করে কৃষকদের পাশে আছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার আলম মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
