
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর (রায়পুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে রায়পুর থানার এসআই মো. জামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় রেহান আলী জমাদ্দার বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাবিবুর রহমান ওরফে কানা বাবু (৩৫), পিতা: মৃত আব্দুল মজিদ, পূর্ব চরপাতা তোরাব মোল্লা বাড়ি, রায়পুর এবং মো. লিমন (১৮), পিতা: মো. মনির হোসেন, সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, প্রধান আসামি হাবিবুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই তিনটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
