
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর রাজিব হোসেন (১৪) নামের এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ ফেলে রেখে গেছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজিব দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফজু স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার পর থেকে রাজিব নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এর মধ্যে উপজেলার উদমারা এলাকা থেকে রাজিবের চালানো অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ওই সময় তার কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার দুপুরে ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, ‘একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয়, রাজিবকে অপহরণ করা হয়েছে। তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় আমার ভাগিনাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।’ তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে মুক্তিপণ দাবির বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, ‘নিখোঁজের পর রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ দাবির বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।
