রায়পুরে জব্দ জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন স্থান থেকে জব্দ করা জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল) এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে জব্দ করা জ্বালানি তেল নষ্ট না করে তা কৃষি কাজে ব্যবহারের জন্য কৃষকদের কাছে স্বল্পমূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. সাত্তার, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করছে। জব্দ করা তেল সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হবেন।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, বাজারে জ্বালানি তেলের দাম বেশি থাকায় সেচকাজে খরচ বেড়ে গিয়েছিল। প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন।

প্রশাসন জানিয়েছে, এ কার্যক্রমের মাধ্যমে বিক্রিত তেল থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।