
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার থানার মোড় থেকে নর্দমা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রায়পুর পৌরসভা। আসন্ন বর্ষাকালকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে এবং রাস্তার সংস্কার কাজ ত্বরান্বিত করতে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।
এই রাস্তাটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তলব করা হয়েছে এবং কঠোর বার্তা দেওয়া হয়েছে। প্রকল্পের গুণগত মান বজায় রেখে ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পৌর প্রশাসকের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইইউজিআইপি (IUGIP) প্রকল্পের মাধ্যমে চলমান এই রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারদের পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা সহ্য করা হবে না।
পৌর প্রশাসক সম্মানিত উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা এর সুফল পাবেন।”
জনস্বার্থ রক্ষায় রায়পুর পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
