রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

 মো.ওমরফারুক, লক্ষ্মীপুর জেলা :  লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

বিজয় দিবসের শুরুতে সকাল ৭টায় রায়পুর উপজেলার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রায়পুর মার্চেন্টস একাডেমি বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে সাদা কবুতর অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

কুচকাওয়াজে অংশগ্রহণ করেন রায়পুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া রায়পুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপি সদস্যরাও কুচকাওয়াজে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গৌরব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, রায়পুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।