রামগতিতে ছিনতাই করতে গিয়ে জনতার ধাওয়ায় আটক ৪ যুবক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

রামদয়াল বাজার এলাকায় গভীর রাতে অভিযানের সময় ধরা পড়ে তারা

 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে ছিনতাই করতে গিয়ে স্থানীয় জনতার ধাওয়ায় চার যুবককে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রামদয়াল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. রাফি (২০), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল (১৮), মো. আলমগীরের ছেলে সৈকত হোসেন (২১) এবং গিয়াস উদ্দিনের ছেলে মো. ফয়সাল (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রামদয়াল বাজার সংলগ্ন একটি বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে যায় ওই চার যুবক। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রামগতি থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি উপজেলার চরআলগী ইউনিয়নের কয়েকটি বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিরা এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।