রামগঞ্জের নান্দিয়ারা গ্রামের একটি ডোবায় মানুষের মাথার খুলি ও হাড়গোড়ের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি:

রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহানের মালিকানাধীন ব্রীক ফিল্ডের অদূরে রামগঞ্জ শাহরাস্তি সড়কের উত্তরের একটি বিলের মাঝখানের ডোবায় মানুষের মাথার খুলি ও কঙ্কালের অংশের সন্ধান পেয়েছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার বিকালে মাছ ধরতে গিয়ে একদল মানুষ বস্তাবর্তি অবস্থায় কিছু দেখতে পেয়ে খোলেন।
খুলেই তারা আতঙ্কিত হয়ে পড়েন।
এসময় স্থানীয় লোকজন জানান, একটি নীল রঙের টি-শার্ট পরিহিত কোন ব্যক্তির লাশটির কঙ্কাল হতে পারে।
টি-শার্টের বুক পকেটে একটি চিরুনি রয়েছে।
এসময় রশি ও বেশ কয়েকটি ইটের সাথে বস্তাটি বাঁধা রয়েছে বলেও জানান প্রত্যক্ষদশীরা।
তারা জানান, পাশেই আরো একটি বস্তা রয়েছে, ভয়ে তারা ঐ বস্তা খোলেননি।
এলাকাবাসীর ধারণা লাশটি কোথাও হত্যা করে বস্তায় ভরে ইটের সাথে বেঁধে এ ডোবাতে ফেলে দেয়া হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আমরা খবর পেয়েছি। সকালে ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।