
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের হাতপাখার প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীর নেতৃত্বে আয়োজিত গণমিছিলে মানুষের ঢল নেমেছে। দলটির দাবি অনুযায়ী এতে অন্তত দশ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়।
৬ ডিসেম্বর (শনিবার) বিকেলে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। এমপি প্রার্থী জাকিরের নেতৃত্বে মিছিলটি সোনাপুর হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা কার্যালয়ের সামনে ফিরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা সভাপতি ডা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সভাপতি এবং লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অনারারী ক্যাপ্টেন অব মো. ইব্রাহিম। আরও বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, রামগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি রাশেদুল ইসলাম।
