রামগঞ্জে বিলের পানি নিয়ে সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

একই বাড়ির দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে মারামারি, হাসপাতালে চিকিৎসা

 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিলের পানি দিয়ে জমিতে সেচ দেওয়া নিয়ে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরী গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব টিওরী গ্রামের একটি বিলে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। শুকনো মৌসুমে স্থানীয় কৃষকেরা ওই পানি ব্যবহার করে জমিতে সেচ দেন। তবে বিলের পানি ব্যবহার নিয়ে মোল্লা বাড়ির মোহন মোল্লা ও রাসেলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার বিকেলে বিলের পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালালে অন্তত ১২ জন আহত হন।

আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহন মোল্লা দাবি করেন, জমিতে সেচ দেওয়ার জন্য মোটর বসিয়ে পানি নেওয়ার বিষয়ে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। তিনি বলেন, ‘মোটর দিয়ে ক্ষেতে পানি দেওয়ার বাবদ আমার চাচাতো ভাই মাসুদ তিন হাজার টাকা নেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের গালাগাল করতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’

অন্যদিকে রাসেলের ভাই রাকিব হোসেন অভিযোগ করেন, তার চাচা বেলায়েত কয়েকবার বিলে মোটর বসিয়ে পানি নেওয়ার চেষ্টা করলে মোহন ও তাঁর লোকজন বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মোহন রাসেলকে থাপ্পড় দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিলের পানি ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।