
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানিয়ে উপজেলার সব স্তরের নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়েছেন।
দীর্ঘদিন ধরে রামগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম ও ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুনকে কেন্দ্র করে বিভক্ত ছিলেন। এই দ্বন্দ্বের কারণে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে আলাদাভাবে প্রচারণা চালিয়ে আসছিল।
অবশেষে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের ক্যাপসিক্যাম রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সব বিভেদ ভুলে একযোগে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্ল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. রহিম (ভিপি), পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশসহ স্থানীয় নেতারা। সভায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শাহাদাত হোসেন সেলিম বলেন, দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন দলের প্রধান লক্ষ্য। তিনি সমর্থনের জন্য রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
