
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে সিসিটিভির ফুটেজ মুছে না ফেলায় কার্যালয় থেকে ডিভাইস নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার (১৬ মার্চ) দুপুরে ভাটরা বাজারে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বুলবুল ও সচিব সুজন চন্দ্র দাস জানান, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ে আসেন। তারা চেয়ারম্যানকে তাঁর কক্ষ থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেন।
সচিব সুজন চন্দ্র দাস বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ চাইলে আমি তা মুছে ফেলতে অস্বীকৃতি জানাই। পরে তারা সিসিটিভির ডিভাইস (মনিটর) নিয়ে যান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এখনো ডিভাইসটি ফেরত দেওয়া হয়নি।’
চেয়ারম্যান শামছুল আলম বুলবুল দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ‘তারপরও আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে এবং আমাকে কার্যালয় থেকে বের করে তালা দেওয়া হয়েছে,’ বলেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁকে জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চেয়ারম্যান বলেন, ওই ইফতার মাহফিল সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
এদিকে চেয়ারম্যানকে হেনস্তার প্রতিবাদে ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ শেখসহ স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেন। রোববার রাত ও সোমবার দুপুরে ভাটরা বাজারে এসব কর্মসূচি পালিত হয়। এ ঘটনায় জাহিদ শেখকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।
অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, ‘ভাটরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার আয়োজন করেছিল। সে কারণে আমরা ইউনিয়ন কার্যালয়ে গিয়েছিলাম। তালা দেওয়ার ঘটনায় এলাকার লোকজন জড়িত থাকতে পারে। সিসিটিভির ডিভাইস কে নিয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হবে।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তাঁর জানা আছে, তবে বিস্তারিত তথ্য এখনো পাননি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, সিসিটিভি ডিভাইস নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার বিষয়েও তিনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে বিভিন্নভাবে জেনেছি, তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
