
রংপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রংপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। একই সময়ে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার সমাবেশ ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, নির্বাচন একটি রাষ্ট্রীয় দায়িত্ব ও আমানত। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাব নির্বাচন প্রক্রিয়ায় স্থান পাবে না।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দায়িত্ব পালনের সময় জাতীয় পতাকা ও আনসার বাহিনীর পতাকার মর্যাদা সমুন্নত রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
নির্বাচনকালে কোনো অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতির ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য দেওয়ার নির্দেশ দেন মহাপরিচালক।
সমাবেশে বক্তব্য দেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিপিএম, পিভিএমএস। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় রাষ্ট্রের প্রয়োজনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন নির্বাচনে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও মাঠপর্যায়ের সুসংগঠিত প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের করণীয় স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সতর্কতা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
সমাবেশে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। রংপুর জেলার প্রতিটি ভোটকেন্দ্রেও নির্ধারিত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।
আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বের মধ্যে থাকবে—ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করা, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা প্রদান এবং যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।
এ সময় ভোট গ্রহণের নিয়মাবলি ও আচরণবিধি সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, কোনো ভোটারকে প্রভাবিত করা যাবে না, ভোট গ্রহণ প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ করা যাবে না এবং নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সমাবেশে আরও জানানো হয়, প্রথমবারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
