
আলামীন , নিজস্ব প্রতিবেদক, রংপুর : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা আন্তঃক্লাব ভলিবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় ঠাকুরগাঁও জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার (২২ এপ্রিল) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর ও ঠাকুরগাঁও জেলার দল অংশ নেয়। খেলায় রংপুর জেলা দল রানার্সআপ হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম এবং ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মো. নুরুল আফছার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান, সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান, বিভিন্ন উপজেলা প্রশিক্ষক এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।
খেলা পরিচালনা করেন ব্যাটালিয়ন আনসারের মো. রিপন মিয়া।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া ঠাকুরগাঁও আনসার ভিডিপি দল পরবর্তী সময়ে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।
