মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে কলকারখানা চালুর ঘোষণা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

রাজধানী প্রতিনিধি : বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত সময়ে স্বৈরাচারী শাসনব্যবস্থায় শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, ওই সময় অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে বিপর্যস্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনো সঠিক সময়ে পানি ও মৌলিক সেবা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে খাল খননসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নয়ন করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিও উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, শুধু হকার উচ্ছেদ করলেই হবে না, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। খেটে খাওয়া মানুষ ভালো থাকলে দেশও ভালো থাকবে।

সমাবেশে শ্রমিক নেতারা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পকারখানা পুনরায় সচল করার ওপর গুরুত্বারোপ করেন।