
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা-এ একটি ধানক্ষেত থেকে মিন্টু মিয়া নামে এক ইটভাটার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আকরতমা গ্রামের পানিয়ালা বাজার সড়কের পাশের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিন্টু মিয়া নোয়াখালীর চরমটুয়া গ্রামের বাসিন্দা। তিনি ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে অধিকাংশ সময় রান্নার কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এক কৃষক ধানক্ষেতে গেলে সেখানে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজনকে জানালে বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রামগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
