মানবাধিকার দিবসে রংপুরে এডাবের আলোচনা সভা ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

আল আমিন, রংপুর প্রতিনিধি : মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব)। আজ বুধবার সকালে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মানবাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাবের রংপুর জেলা কমিটির সভাপতি মো. চাঁদ মিঞা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সহসভাপতি সারওয়ার জামিল খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আহসান হাবীব রবু, সদস্য ইকবাল পারভেজ, এস. এম. আনিসুর রহমান এবং সাখওয়াত হোসেন।

বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত করতে সামাজিক ঐক্য ও নাগরিক সচেতনতা অপরিহার্য। প্রত্যেক মানুষের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমান অধিকার প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।